সরকারে অংশগ্রহণ থাকলেও জাতীয় পার্টি (জাপা) বর্তমানের ‘দুর্নীতি-দুঃশাসনের’ কোনো দায় নেবে না বলে জানালেন দলটির মহসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেছেন, ‘কৌশলগত কারণে আমরা সরকারের সঙ্গে আছি। জনগণের মনের ভাষা যখন বুঝব, তখনই পদত্যাগের সিদ্ধান্ত। তবে আন্দোলন করে সরকার পতন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। আমরাও কোনো হটকারি সিদ্ধান্ত নেব না।’ শনিবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাপার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ জানুয়ারি রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনে বাবলু বলেন, ‘আমরা ভিন্ন কারণে সরকারে আছি। জাতীয় ঐক্যের প্রয়োজনেই আমরা সরকারে।’ তিনি বলেন, ‘নির্বাচনে না গেলে দেশের গণতন্ত্র ও সংবিধান ক্ষতিগ্রস্ত হত। শান্তি-স্থিতি-গণতন্ত্র-সংবিধান রক্ষা করতেই আমরা পাঁচ জানুয়ারির নির্বাচনে গিয়েছি।’
মন্ত্রিসভা থেকে জাপার পদত্যাগের বিষয়ে দলীয় চেয়ারম্যান এইচএম এরশাদের বক্তব্যের বিষয়ে দলের মহাসচিব বলেন, ‘বিষয়টি নিয়ে প্রেসিডিয়ামে আলোচনা হবে।’ তিনি জানান— ১ জানুয়ারির মহাসমাবেশে এরশাদ এক বছরের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতি, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান ও মীর আব্দুস সবুর আসুদ, নগর উত্তরের সদস্য-সচিব বাহাউদ্দিন বাবুল, দক্ষিণের সদস্য সচিব-জহিরুল আলম রুবেল ও নগর নেতা সুজন দে প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।