তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মানবাধিকারের জন্য সবচেয়ে বড় হুমকি। শনিবার সন্ধ্যায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার যখন সবচেয়ে বড় মানবতা লংঘনকারীদের দমন করছে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সেই মানবতাবিরোধী জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদীদের পক্ষ নিয়েছেন ।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশে মানবাধিকার রক্ষায় তাদের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
হাসানুল হক ইনু বলেন, মহান মুক্তিযুদ্ধে নারীনির্যাতন, শিশুসহ সাধারণ মানুষের ওপর নিপীড়ন, লুন্ঠন ও হত্যার মতো যুদ্ধাপরাধ দেশের ইতিহাসে মানবাধিকার লংঘনের সবচেয়ে বড় ঘটনা। এ অপরাধে অভিযুক্তদের বিচারের রায় অনুযায়ী সাজা কার্যকর করা মানবাধিকার লংঘন নয়।