তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। নিহত তাপস রায় (২১) সংস্কৃতি ডিপার্টমেন্টের (২০১৩-১৪) ২য় বর্ষের ছাত্র ছিলেন। সংঘর্ষ এড়াতে পুলিশ কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করেছে। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এখনো সংঘর্ষ চলছে।
আহতরা হলেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ৪র্থ বর্ষের ছাত্র আল আমীন রিমন (২৩), নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের সাব্বির হোসেন (২৪) এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স শেষ পর্ব’র ছাত্র আলাউদ্দিন আলম (২৬)। তাদের চবি’র মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, শনিবার সকালে ক্যাম্পাসের শহীদ বেদীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শাহজালাল ও শাহ আমানত হলের ছাত্রলীগের দুই গ্রুপ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যায়। এ সময় তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে তারা হলে ফিরে আসলেও সেই রেশ এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে তাপস গুলিবিদ্ধ হলে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় আরো তিন ছাত্রলীগ কর্মী আহত হন। এরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পর্যাপ্ত পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।