পুলিশি নিপীড়নে ওয়াশিংটন ও নিউ ইয়র্কে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়নের বিরুদ্ধে কয়েক হাজার মানুষ ওয়াশিংটন ও নিউ ইয়র্কে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীদের অনেককে ‘আমি নি:শ্বাস নিতে পারছি না’ বলে স্লোগান দিতে দেখা গেছে। খবর বিবিসি’র।
সম্প্রতি পুলিশের হাতে দুইজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হওয়ার প্রেক্ষাপটে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ওয়াশিংটনের ঠাণ্ডা আবহাওয়ায় ক্যাপিটাল ভবনের সামনে জড়ো হয়ে  ‘কৃষ্ণাঙ্গ মানুষদের জীবনেরও দাম আছে’ এবং ‘বর্ণবাদী পুলিশকে প্রতিহত কর’ এমন প্ল্যাকার্ড বহন করে শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করছেন জনতা।
‘আমি নি:শ্বাস নিতে পারছি না’ বলেও স্লোগান দেন। এটি ছিল নিউ ইয়র্কে পুলিশের হাতে নিহত হওয়া কৃষ্ণাঙ্গ নাগরিক এরিক গার্নারের মৃত্যুর আগে শেষ বাক্য।
বিক্ষোভে অংশ নেয়া কমিউনিটি নেতা মার্টিন বায়েজ বলছিলেন, আমরা এখানে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ মানুষের জন্য সমান গণতন্ত্র এবং ন্যায়বিচারের দাবিতে লড়াই করছি।
বেআইনি ভাবে সিগারেট বিক্রির অপরাধে কাউকে হত্যা করা যায়, আপনিই বলুন? এ ধরণের অন্যায় বন্ধ হতে হবে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তনের দাবি জানান। ওয়াশিংটনের বিক্ষোভে এরিক গার্নার এবং মিজৌরিতে নিহত মাইকেল ব্রাউনের পরিবারের সদস্যরাও যোগ দেন।
বিক্ষোভকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।