‘এখনো পাকিস্তানি স্টাইলে গুম-খুন-গুপ্তহত্যা চলছে’

 
 
 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনো সেই পাকিস্তানি স্টাইলে গুম, খুন ও গুপ্তহত্যা চলছে। রবিবার সকালে মহান বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দেশে একাত্তর সালের মতো গুম-খুন-গুপ্তহত্যা চলছে। শহীদ বুদ্ধিজীবীরা একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আজ কী দেখছি? জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ।’
‘এ অবস্থা থেকে মুক্তির জন্য জনগণ আন্দোলন করছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, একাত্তরে এ দেশকে মেধাশূন্য করার যে ষড়যন্ত্র হয়েছে, গুম-খুনের মাধ্যমে আজ আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। গণতন্ত্রহীনতা ও ফ্যাসিজমই এর জন্য দায়ী।’
মির্জা ফখরুল বলেন, ‘যে স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবীরা আত্মত্যাগ করেছিলেন, সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। গণতন্ত্র হত্যা, আন্দোলনরত বিরোধীদলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন, অব্যাহত সন্ত্রাস, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ম্লান করে দিয়েছে আওয়ামী লীগ।’