জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যন এইচ এম এরশাদ বলেছেন, ‘দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। একাত্তরে যেমন হত্যা ও গুম হয়েছিল, তা এখনো চলছে। গত নয় মাসে ৮২ জন মানুষ বিনা বিচারে মারা গেছে।’ রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আমিই প্রথম বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছিলাম। আগে এটা ছিল বিরানভূমি। এর সৌন্দর্য্যবর্ধনের কাজও আমিই করেছিলাম।’
সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘মানুষ অস্বাভাবিক অবস্থা থেকে পরিত্রাণ চায়, তারা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়।’
এরশাদের নেতৃত্বে জাপা নেতা-কর্মীরা সকাল পৌনে ৯টার দিকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর জাপার (দক্ষিণ) আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এবং উত্তরের আহ্বায়ক এস এম ফয়সল চিশতি ও সদস্যসচিব বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।