বুথ ফেরত জরিপে এগিয়ে অ্যাবে

জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ভোট গ্রহণ গতকাল রবিবার শুরু হয়েছে। নির্বাচনের বুথ ফেরত জরিপে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের দল এগিয়ে আছে। প্রধানমন্ত্রী তার অর্থনৈতিক সংস্কারের প্রতি জোরালো সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে তার দলকে মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। খবর বিবিসি ও এএফপির।

জনপ্রিয়তা কমলেও প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আবারও ক্ষমতায় আসছেন। গতকাল স্থানীয় সময় সকাল সাতটায় দেশব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে তুষারপাতের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। ৪৭৫ আসনের পার্লামেন্ট ডায়েটে কারা আসছেন তা গতকাল নির্ধারণ করেছেন ভোটাররা। গতকাল রাতে ভোট গণনা শুরু হয়। বুথ ফেরত জরিপে দেখা যায়, অ্যাবের রাজনৈতিক দল কনজারভেটিভ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। নির্বাচনে ১ হাজার ১৯১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ২০১২ সালের নির্বাচনে ক্ষমতায় আসেন অ্যাবে। এরপর তিনি সরকারি ব্যয় ও নোট ছাপানো বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। জাপান চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে। বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও জাপান সাম্প্রতিক বছরগুলোতে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করছে। গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন অ্যাবে। অর্থনৈতিক সংস্কারের বিষয়ে নতুন করে জনসমর্থন যাচাইয়ের জন্য এ নির্বাচন দিয়েছেন তিনি। অ্যাবের নীতি ‘অ্যাবেনোমিকস’ নামে পরিচিত। অ্যাবে জোর দিয়ে বলেন, তার নীতির ফলে জাপান আগের অবস্থানে ফিরবে।