আদালত অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৫ জানুয়ারি তাদের হাজির থাকতে আদেশ দেয়া হয়েছে।
সোমবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে প্রথম আলোর সম্পাদকীয় পাতায় সোমবার প্রকাশিত মিজানুর রহমান খানের লেখা 'প্রধান বিচারপতি বেছে নেওয়া' শীর্ষক নিবন্ধের কিছু অংশ নিয়ে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি সকাল ৯টায় তাদেরকে আপিল বিভাগে উপস্থিত হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।