তিন দিনের মৌসুমি ঝড় বৃষ্টিতে দুবলারচরের চারটি শুঁটকি পল্লীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ে জেলেদের শতাধিক অস্থায়ী ঘর, মাছ শুকানোর মাচা উড়ে গেছে। এ সময় সাগরে দুইটি মাছ ধরার নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। মৌসুমের শেষ মুহূর্তে এমন বিপর্যয়ে চরম লোকসানে পড়েছেন দুবলারচরের শুঁটকি ব্যবসায়ী ও জেলেরা।
দুবলা ফিসারমেন গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, রবিবার থেকে শুরু হওয়া মৌসুমি ঝড় ও বৃষ্টিতে দুবলারচরের জেলেদের শুঁটকি মাছ ভিজে নষ্ট হয়েছে।
দুবলা ফিসারমেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামিম জানান, টানা বৃষ্টিতে দুবলারচরের শুঁটকি পল্লীতে প্রায় ১৫ কোটি টাকার শুটকি মাছ নষ্ট হয়েছে গেছে। এর মধ্যে আলোরকোল শুঁটকি পল্লীতে প্রায় ৭ কোটি, মাঝেরকেল্লা শুঁটকি পল্লীতে প্রায় ৭০/৮০ লাখ, শ্যালারচর শুঁটকি পল্লীতে প্রায় ১ কোটি ও নারিকেলবাড়ীয়া শুঁটকি পল্লীতে প্রায় ৬ কোটি টাকার শুঁটকি মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
আলোরকোলের শুঁটকি ব্যবসায়ী সাতক্ষীরার আশাশুনির আ. রউফ জানান, ঝড়ে তার একটি নৌকা ডুবে প্রায় ১৪ লাখ টাকার জাল ও নোঙ্গর সাগরে ভেসে গেছে। বৃষ্টিতে তাদের একেক জনের ৩/৪ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে। শুঁটকি পল্লীর চারটি চরে সহস্রাধিক ব্যবসায়ী ও বহদ্দারের প্রত্যেকের ক্ষতি হয়েছে। শেষ মুহূর্তের দুর্যোগে তারা লোকসানের মুখে পড়েছেন।
আরো পড়ুন: ভারতকে সময় মতো জবাব দেয়া হবে: পাকিস্তান
কোস্টগার্ড পশ্চিম জোনের আলোরকোল কন্টিনজেন্ট কমান্ডার রাফিক মুঠোফোনে জানান, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকা ও জেলেদের উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/অনি