নীলক্ষেতে বাসের ধাক্কায় ছাত্রী আহত, সড়ক অবরোধ

 
 
 
রাজধানীর নীলক্ষেতে বাসের ধাক্কায় নাজনীন আক্তার নামে গার্হস্থ্য অর্থনীতি কলেজের এক ছাত্রী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি কলেজের ফুড এন্ড নিউট্রিশন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। এ ঘটনায় ঐ কলেজের ছাত্রীরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় নাজনীন আক্তার নীলক্ষেতে কলেজের সামনে সড়ক পারাপারের সময় বাস ধাক্কায় আহত হন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন তাকে তাত্ক্ষনিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করান। প্রাথমিক চিকিত্সাশেষে রাতে তিনি ক্যাম্পাসে ফিরে আসেন।
এদিকে বাসধাক্কায় ছাত্রী আহত হওয়ার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। ছাত্রীরা কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন। তারা কলেজের সামনের রাস্তায় স্পিড ব্রেকার নির্মাণ ও  দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দেন।

পরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুন্নাহার এবং লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আশ্বাসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রীরা অবরোধ তুলে নেন। এদিকে অবরোধের কারণে নীলক্ষেত-নিউমার্কেট এলাকা সংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।