নিজস্ব অর্থায়নে বিদ্যুতকেন্দ্র নির্মাণ করছে বিপিডিবি

 
 
 
 
 
প্রথম বারের মতো নিজস্ব অর্থায়নে বিদ্যুতকেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ বিদুত্ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। গ্যাসভিত্তিক এই বিদ্যুতকেন্দ্রটি হবিগঞ্জের বিবিয়ানায় স্থাপন করা হবে।
সোমবার রাজধানীর বিদুত্ ভবনে বিবিয়ানা দক্ষিণ ৩৮৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ প্রকল্পটি বাস্তবায়নে স্পেনের ইসোলাক্স ইনজেনিরিয়া এস এ এবং স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিপিডিবি’র পক্ষে প্রতিষ্ঠানটির সচিব মো. জহুরুল হক, ইসোলাক্সের পক্ষে মহাব্যবস্থাপক জোসে লুইস ডাগো ইলোরজা এবং স্যামসাংয়ের পক্ষে মহাব্যবস্থাপক সাং কি না এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি সাক্ষরের তারিখ থেকে ২৪ মাসের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে।
বিপিডিবি’র তথ্য মতে, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩২২ দশমিক ৯৬ মিলিয়ন ডলার। বিদ্যুত্ কেন্দ্রটির প্রতি ইউনিটে উত্পাদন খরচ পড়বে এক টাকা ১৩ পয়সা।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিজেদের অর্থায়নে খুব অল্প সময়ের মধ্যে এই বিদ্যুতকেন্দ্রটি নির্মাণে চুক্তি হলো। পাঁচ /সাত বছর আগেও আমরা যেটা ভাবতে পারতাম না, এখন সেটা বাস্তবায়ন করছি। একটি আধুনিক পরিবেশবান্ধব জাতি হিসেবে আমরা দাঁড়াতে চাই।
বিপিডিবির চেয়ারম্যান আব্দুহু রুহুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।