রাজধানীতে বাসের ধাক্কায় ছাত্রী আহত

সোমবার সন্ধ্যায় রাজধানীর নীলক্ষেত মোড়ে বাসের ধাক্কায় গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রী নাজনীন আক্তার আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

কলেজের শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কলেজ হোস্টেলের সামনে রাস্তা পার হওয়ার সময় খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী নাজনীন আক্তার আহত হন। কলেজের শিক্ষার্থীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যা ছয়টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুমা আকতারের নেতৃত্বে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি বাসের জানালার কাচ ভাঙচুর করা হয়। সেখান থেকে গুলিস্তান-ধামরাই পথে চলাচলকারী তিনটি বাস আটক করে কলেজের ভেতরে নিয়ে যান ছাত্রীরা।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ সাংবাাদিকদের বলেন, এক ছাত্রী পায়ে ব্যথা পাওয়ায় অন্যরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করেন। তাৎক্ষণিকভাবে গাড়ির কাউকে ধরা যায়নি। কেউ গাড়ির নম্বরও বলতে পারেনি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।