পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বাস চালক মামুনুর রশিদ মামুনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ মঙ্গলবার জেলার সদর উপজেলার জগদল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হকের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম মামুনকে গ্রেপ্তার করে। মামুন ভাই-বোন এন্টারপ্রাইজ নামে ওই বাসের ছিল।
২০১৮ সালের ২৬ অক্টোবর রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার দশমাইল বাজারে বাস ও বৈদ্যুতিক খুঁটি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে ১১জন নিহত হন। এ ঘটনায় ২৮ অক্টোবর পুলিশ বাদি হয়ে বাসের চালক মামুনুর রশিদ মামুন (১৯) এবং ট্রাকের চালক রাজিবকে (৩৪) আসামি করে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করে। মামলার অপর আসামি ট্রাক চালক রাজিব পলাতক রয়েছে। তার বাড়ি খুলনায়।
আরও পড়ুন: সিমলা ছাড়াও স্ত্রী-সন্তান আছে পলাশের
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এনামুল হক বাস ড্রাইভার মামুনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুঘর্টনার পর বাস চালক মামুন ও ট্রাক চালক রাজিব পালিয়ে যায়। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। মামুনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে