জাপানের মধ্যবর্তী নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন জোট। পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে শিনজো অ্যাবের লিবারেল ডেমোক্রাটিক পার্টি (এলডিপি) নেতৃত্বাধীন জোট। পার্লামেন্টের ৪৭৫টি আসনের মধ্যে ৩২৫টি আসন লাভ করেছে জোট। এলডিপি এককভাবে পেয়েছে ২৯০টি আসন আর বৌদ্ধসমর্থিত কমেইতো পার্টি পেয়েছে ৩৫টি আসন। খবর বিবিসির।
গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন অ্যাবে। অর্থনৈতিক সংস্কারের বিষয়ে নতুন করে জনসমর্থন যাচাইয়ের জন্য এ নির্বাচন দেন তিনি। অ্যাবের অর্থনৈতিক সংস্কার নীতি ‘অ্যাবেনোমিকস’ নামে পরিচিত। অ্যাবে জোর দিয়ে বলেন, তার নীতির ফলে জাপান আগের অবস্থানে ফিরবে। নির্বাচনের আগে অ্যাবে ভোটারদের উদ্দেশে বলেন, আমার নীতির ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেতন বাড়বে। জাপান আরো অনেক ধনী দেশে পরিণত হবে। অর্থনৈতিক সংস্কারের প্রতি জোরালো সমর্থনের বহিঃপ্রকাশ হিসাবে তার দলকে মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ২০১২ সালের নির্বাচনে ক্ষমতায় আসেন অ্যাবে। এরপর তিনি সরকারি ব্যয় ও নোট ছাপানো বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। জাপান চলতি বছরের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে। বিশ্ব ব্যাংকের তথ্যানুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হলেও জাপান সাম্প্রতিক বছরগুলোতে নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করছে।