বিয়ের প্রস্তাব দিতে ক্রেন

অনেকদিনের আকাঙ্খা ছিল ভালবাসার মানুষটিকে ব্যতিক্রমভাবে বিয়ের প্রস্তাব দেবেন। এজন্য তিনি একটি ক্রেন বেছে নিয়েছিলেন। কিন্তু বিপত্তি ঘটলো যখন ক্রেনটি পড়ে গেল অন্যের ছাদে।

অভিনব এই ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের ইজসেলস্টেইন শহরে। ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। শহরের জরুরি বিভাগের মুখপাত্র জেলি মাল্ডার জানিয়েছেন, ওই ব্যক্তি চেয়েছিলেন, প্রেমিকার বাড়ির বাগানের ভেতর দিয়ে গিয়ে তার শোবার ঘরের জানালায় ক্রেন দাঁড় করিয়ে বিয়ের প্রস্তাব দেয়ার। তিনি একটি ক্রেন ভাড়া করেন এবং যথারীতি প্রেমিকার বাড়িতে যান। ক্রেনের হাতল উপরে ওঠানোর পর সেটি প্রতিবেশীর ছাদে গিয়ে পড়ে। এরপর বড় একটি ক্রেন নিয়ে সেটিকে সরাতে গেলে আবারও একই ছাদের উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যান শহরের মেয়র। পরীক্ষা-নীরিক্ষা করে ওই বাড়িটি বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়। বাড়ির লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। প্রেমিকা প্রেমিকের এই কাণ্ডের খবর জেনে বিয়েতে রাজি হয়ে যান এবং পরে তারা বিনোদনের জন্য প্যারিসে যান। - দ্য গার্ডিয়ান।