শাহরুখের হাত ধরে বলিউডে মাহিরা খান

 
পাকিস্তানি অভিনেত্রীর মাহিরা খানের বলিউড অভিষেকটা বেশ ভালোই হতে চলেছে। বি-টাউনে এসেই নায়কের ভূমিকায় তিনি পাচ্ছেন শাহরুখ খানকে। আর বলার অপেক্ষা রাখে না, শাহরুখের হাত ধরে যাদেরই অভিষেক হয়েছিল তাদের কাউকেই আর পেছন ফিরে তাকাতে হয়নি। শাহরুখের পরবর্তী সিনেমা 'রাইস' এ নায়িকা হিসেবে থাকবেন তিনি।
মাহিরার এমন সৌভাগ্যে হিংসা করতেই পারেন বলিউডের উঠতি নায়িকারা। একদিকে শুরুতেই যেমন তার হিরো বলিউড বাদশা, অন্যদিকে, রাইস প্রযোজনা করছে ফারহান আখতার-রীতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট। আর পরিচালনা করবেন 'পারজানিয়া' খ্যাত রাহুল ঢোলকিয়া।
করাচির বাসিন্দা এই পাক অভিনেত্রীকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১১ সালে। অবশ্য 'সনি' চ্যানেলের ধারাবাহিক 'হামসফর'-এর কারণে মাহিরার মুখ অপরিচিত নয় ভারতীয়দের কাছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া