মালীতে শান্তিরক্ষী মিশনে গেল বিমান বাহিনীর ১০৭ সদস্য

 
 
 
 
তিনটি এমআই-১৭ হেলিকপ্টারসহ ২৪০ সদস্যবিশিষ্ট ২টি কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। নিয়োগ কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে প্রথম ধাপে বিমান বাহিনীর ১০৭ সদস্যের প্রথম দল জাতিসংঘের ভাড়া করা বিমানে মালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদের বিদায় জানান। খবর -আইএসপিআরের।
সূত্র জানিয়েছে, বািংলাদেশ বিমান বাহিনীর এ কন্টিনজেন্টগুলো বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট-১ ও বাংলাদেশ এয়ারফিল্ড সার্ভিসেস এন্ড ম্যানেজমেন্ট ইউনিট-১ নিয়ে গঠিত। এই কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর আনিসুর রহমান এবং গ্রুপ ক্যাপ্টেন কাজী মাজহারুল করিম। মালিতে বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সে দেশের সরকার এবং সর্বস্তরের জনসাধারণের আস্থা অর্জন করেছে। অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুণ্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যত্ দিনগুলোতে যেন আরো উত্কর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে শনিবার তাদের বিদায় জানানোর সময় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।