ভারতে আইএসকে নিষিদ্ধ করেছে সরকার

ভারতে ইরাক ও সিরিয়ার একটা অংশ দখলে রাখা ইসলামিক স্টেটকে (আইএস) নিষিদ্ধ করেছে সরকার। গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্টে এ তথ্য জানান। দেশটিতে আইএসের টুইটার পরিচালনাকারীকে গ্রেফতারের   কয়েকদিনের মধ্যে এ নিষেধাজ্ঞা দেয়া হলো।

ভারত এতদিন আইএসকে নিষিদ্ধ করেনি। কারণ তাদের কার্যক্রম খুব একটা চোখে পড়েনি; কিন্তু এখন জঙ্গি সংগঠনটির কার্যক্রম ধীরে ধীরে বাড়ছে। সরকারি সূত্রে জানা গেছে, ইরাকে নিখোঁজ ৩৯ ভারতীয়কেও নিয়ে চিন্তিত সরকার। আইএস তাদের আটক করে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইরাক, সিরিয়া ও অন্যান্য দেশে আইএসের কার্যক্রম সম্পর্কে জেনেছি। এসব জেনে আমরা এই জঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। গত শনিবার ভারতের ব্যাঙ্গালুরু থেকে মেহেদি মাসরুর নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ২৪ বছর বয়সী মেহেদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার দায়িত্ব ছিল আইএসের বিভিন্ন বার্তা টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা। মেহেদি আইএসের সঙ্গে কোনো ব্যক্তিকে যুক্ত করেননি, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পুলিশ জানিয়েছে, তার ‘শ্যামী উইটনেস’ নামে টুইটারের অনুসরণকারীর সংখ্যা ছিল ১৭ হাজার ৮০০। এদের মধ্যে আইএসের জন্য যুদ্ধ করা বিদেশি নাগরিকও রয়েছেন। গত কয়েক বছরে মেহেদি ১ লাখ ২৯ হাজার টুইট করেছেন। পুলিশ এখন সেগুলো যাচাই-বাছাই করছে। মেহেদি কি কেবল টুইটারে বার্তা পোস্ট করতেন না কি সদস্য সংগ্রহ করতেন তা জানার চেষ্টা করছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটা সত্য যে-ভারতে আইএসের সদস্য খুবই কম। নিষেধাজ্ঞার ফলে সন্দেহভাজনদের খুঁজে বের করা পুলিশের জন্য সহজ হবে বলে জানান রাজনাথ সিং।