সাভার উপজেলার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনীটির ১২টি কক্ষ পুড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে বেরণ এলাকার শাহেদ আলীর মালিকানাধীন শ্রমিক কলোনীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, দুপুরে হঠাৎ ঐ কলোনীর ভেতর একটি কক্ষ থেকে কালো ধোঁয়ার কুন্ডলী বের হতে থাকে। মূহুর্তের মধ্যে তা দ্রুত আশপাশের বেশ কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নিভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শ্রমিক পল্লীর ১২টি ও এর ভেতর থাকা সব মালামাল পুড়ে যায়।
আরও পড়ুন: পাকিস্তানে হামলায় ৩০০ বিচ্ছিন্নতাবাদী নিহত, দাবি ভারতের
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন আহমেদ জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সময় কক্ষে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইত্তেফাক/কেকে