রূপনগরে স্কুলছাত্র হত্যায় প্রধান আসামি গ্রেফতার

 
 
 
 
 
 
রাজধানীর রূপনগরে স্কুলছাত্র রাজিউর রহমান খান রিয়ান হত্যা মামলায় প্রধান অভিযুক্ত সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রূপনগরের আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে পুলিশ একই মামলায় আরও চারজনকে গ্রেফতারের পর রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধে গত ১১ ডিসেম্বর রাতে রূপনগর মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র রিয়ানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হয় সিরাজ ও হাসিব নামে আরও দুই ছাত্র। এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
রূপনগর থানার ওসি শিকদার মো. শামীম জানান, হত্যা মামলার প্রধান আসামি সাগরকে বিকালে আরামবাগ থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেনি। বৃহস্পতিবার তাকে রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হবে। এর আগে গ্রেফতার রিমন, শাওন, আল-আমিন ও ইউসুফকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
ওসি জানান, নিহতের মা রাশিদা বেগম হত্যা মামলার এজাহারে উল্লেখ করেছেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধে স্থানীয় কয়েকজন যুবক রিয়ানকে হত্যা করে। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।
নিহতের ভাই হাসান খান জানান, সাগর ও রিয়ান একই ক্লাসে পড়লেও ঘটনার রাতে সাগর নিজেকে ‘সিনিয়র’ বলে দাবি করে। এ নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে রিয়ানকে খুন করা হয়। সাগরে এর আগে তার স্কুলশিক্ষককে মারধর করেন বলেও জানান হাসান খান।