বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাদির আংশিক সাক্ষ্য গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় গতকাল বুধবার এ সাক্ষ্য গ্রহন করেন। সাক্ষ্য গ্রহণকালে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীরা হট্টগোল করেন। এর মধ্যেই কিছু সময় মামলার বাদি দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদের আংশিক সাক্ষ্য গ্রহন করা হয়। পরে বিচারক আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতুবি করেন।
বুধবার সংশ্লিষ্ট আদালতে বাদির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু নিরাপত্তাজনিত কারন দেখিয়ে আদালতে হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপার্সন।
তার পক্ষে আইনজীবীরা এ আবেদন করেন। এছাড়া সাক্ষ্য গ্রহণ মুলতুবি চেয়ে পৃথক পৃথক আবেদন দেন তার আইনজীবী এজে মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, সানাউল্লাহ মিয়া প্রমুখ।
জবানবন্দির এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবীরা এজলাশ কক্ষে হৈচৈ ও হট্টগোল করেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন।