স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নারীর ক্ষমতায়নে সকল রাজনৈতিক দল এক হয়ে কাজ করলে আমাদের দেশের নারী সমাজ আরও এগিয়ে যাবে। আজ দেশের নারীরা আর পিছিয়ে নেই। তারা সমাজের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ বুধবার কাওরান বাজারে একটি জাতীয় পত্রিকার কার্যালয়ে ‘রাজনৈতিক দলের নেতৃত্বে নারীর অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘যোগ্যতা অনুযায়ী নারীদেরকে তাদের সুযোগ করে দিতে হবে। সুযোগ না দিলে তো হবে না। সমাজে যে পুরুষতান্ত্রিক মনোভাব আছে, তা আগে দূর করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। নারীদের যোগ্যতা অনুযায়ী তিনি তাদের সুযোগ করে দিচ্ছেন, যাতে করে নারীরা সমাজে আর অবহেলিত না থাকে।’
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম ওসমান ফারুক বলেন, ‘নারীদের সকল ক্ষেত্রে সুযোগ দিতে হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, ‘রাজনৈতিক সংস্কৃতি ও মনমানসিকতার পরিবর্তনের জন্য দলের অভ্যন্তরে নারী নেত্রীদের অধিক ভূমিকা রাখতে হবে।’
সাবেক নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, ‘নারীদের শুধু বিভিন্ন স্থানে অন্তুর্ভুক্ত করলেই হবে না। তাদেরকে সঠিক ভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তাদের হাতে ক্ষমতা দিতে হবে।’
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নূরজাহান বেগম মুক্তা এমপি, বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের মহাসচিব শিরীন সুলতানা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি কে টি ক্রোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সভাপতি তানিয়া হক প্রমুখ।