গাজীপুরের টঙ্গীর বাস্তুহারা (এরশাদ নগর) এলাকা থেকে বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে গাজীপুর গোয়েন্দা পুলিশ। গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি মো: আমির হোসেন জানান, বাস্তুহারা এলাকার ৫নং ব্লকের সুমন ওরফে জেমসের বাসায় কয়েকজন ডাকাত জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টার দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানকালে ৪টি চাপাতি, একটি রাম দা, একটি কাটার, একটি প্লায়ার্স ও একটি স্লাইরেঞ্জ জব্দ এবং সুমন ওরফে জেমসসহ বাবু মিয়া, রিপন মিয়া, ফারুক, পলাশ, ছামিউল, বদিউজ্জামান বাশার, লিয়াকত হোসেন, শামীম ও হাসান নামের ১০ ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছরের মতো।
তিনি আরো জানান, আটককৃতদের নামে ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।