পাকিস্তানে বিমান হামলায় ৫৭ 'জঙ্গি' নিহত

পাকিস্তানে দফায় দফায় বিমান হামলায় কমপক্ষে ৫৭ জন 'জঙ্গি' নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত সোয়া ১০টার দিকে দেশটির সামরিক বাহিনী খায়বার এজেন্সির তিরাহ উপত্যকায় এই হামলা শুরু করেছে। এ পর্যন্ত অন্তত ২০ দফা বিমান হামলা চালিয়েছে তারা।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া এ খবর নিশ্চিত করেছেন।
পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানের বর্বর হামলার প্রতিশোধ নিতে অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ঐ স্কুলে তালেবানদের হামলায় অন্তত ১৩২ জন শিক্ষার্থীসহ ১৪৪ জন নিহত হওয়ার পর সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ পাল্টা ব্যবস্তা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। তারপর এই হামলা শুরু হলো। সূত্র-ডন।