খালেদা জিয়ার মামলার বিচারক পরিবর্তন

 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট সংক্রান্ত দুইটি মামলার আদালতের বিচারক পরিবর্তন হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বিচারক পরিবর্তন সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুমোদন করেছেন। ইতিমধ্যে ওই অনুমোদন সংক্রান্ত নথি সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়ের পরিবর্তে প্রেষণে আইন মন্ত্রণালয়ে কর্মরত জজ আবু আহম্মেদ জমাদারকে ওই আদালতে বিচারক নিয়োগ দেয়া হয়েছে।
 জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ ৯ জনের বিরূদ্ধে দুইটি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুটি মামলা ঢাকার বকশিবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত-এ-বিচারাধীন রয়েছে। অরফানেজ মামলার সাক্ষ্য গ্রহণ মুলতবি চেয়ে খালেদা জিয়ার একাধিক আবেদন খারিজ করায় বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়ের প্রতি অনাস্থা জানিয়ে ছিলেন বিএনপি চেয়ারপার্সন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাদির
আংশিক সাক্ষ্যগ্রহণ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাদির আংশিক সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায় গতকাল বুধবার এ সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণকালে বিএনপি চেয়ারপার্সনের আইনজীবীরা হট্টগোল করেন। এর মধ্যেই কিছু সময় মামলার বাদি দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদের আংশিক সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে বিচারক আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেন।