সরকারের নির্দেশনা পেলে পুরান ঢাকার ঠিকানায় কেমিক্যাল আমদানি বন্ধ করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া।
তিনি বলেন, ‘সরকার যদি সিদ্ধান্ত নেয় পুরান ঢাকার কোনো ঠিকানায় কেমিক্যাল আমদানি হবে না। তাহলে সেটা দ্রুত কাজ হবে। আমরাও বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছি। আশা করি দ্রুত একটা সমাধানে পৌঁছাতে পারব’।
ব্যাংকগুলো পুরান ঢাকার ঠিকানায় এলসি বন্ধ করলে এবং এনবিআর আমদানির অনুমোদন না দিলে ব্যবসায়ীরা সরে যেতে বাধ্য হবে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সম্মেলনকক্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ভ্যাট দাতা ১০ প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন: ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল প্রত্যাহার
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিমের কমিশনার ড. মইনুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপবি) ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, এনবিআরের সদস্য শাহনাজ পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এমআই