নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক ২

র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাষাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আজ সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

র‌্যাব জানায়, চাষাড়া এলাকার মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলের দুইজন আরোহীকে আটক করে তল্লাশি করা হয়। এসময় তাদের কাঁধে ঝুলানো স্কুল ব্যাগে থাকা ল্যাপটপের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৭৮৫ পিস ইয়াবা ও অপর জনের পকেটে থেকে ২১৫ পিস ইয়াবাসহ সর্বমোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচার করার অভিযোগে মোস্তাকিম ইসলাম ওরফে মো. টিটু (৩৫) এবং মো. আমজাদকে (৩০) আটক করা হয়। অভিয়ানকালে মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। 

আরও পড়ুন: পারমাণবিক অস্ত্র বেশি পাকিস্তানের, ভারতের বেশি সেনা

আটককৃতরা কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা থেকে বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জে ইয়াবা নিয়ে আসে। তারা দীর্ঘদিন যাবৎ ল্যাপটপের ভেতরে করে অভিনব কায়দায় নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাসমূহ মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে সদর থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। 

ইত্তেফাক/কেকে