প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রিক্রুটিং এজেন্সিগুলোকে বিদেশে কর্মী পাঠানোকে ব্যবসা হিসেবে নয় বরং সেবা হিসেবে গ্রহণ করার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহার, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) সভাপতি আবুল বাশার, বেসরকারী উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, ব্র্যাকের পরিচালক শিফা হাফিজা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অফিসার ইন চার্জ সৌমিক কুমার হাওলাদার, প্রবাসী কর্মী আনিসুর রহমান খান প্রমূখ বক্তব্য রাখেন। ‘নিরাপদ অভিবাসন, দিন বদলের লক্ষ্য অর্জন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে তাদের অবদান অতুলনীয়। বৈদেশিক কর্মসংস্থানের প্রতি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ এবং স্বচ্ছ অভিবাসন প্রক্রিয়া সৃষ্টিতে জনশক্তি আমদানিকারক দেশের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাতার প্রবাসী কর্মীদের সাথে কথা বলেন। এছাড়া তিনি প্রবাসী কর্মীর সন্তানদের হাতে বৃত্তির চেক তুলে দেন। পরে মন্ত্রী তিন দিনব্যাপী অভিসান মেলার উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন। এর আগে সকালে তিনি অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন।