সংসদীয় কমিটির বৈঠক

১৫ জানুয়ারির মধ্যে ন্যাম ফ্ল্যাট ছাড়তে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের অনুরোধ

 
 
 
 
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের মধ্যে যারা এখনো সংসদ সদস্যদের আবাসস্থল ন্যাম ভবনের ফ্ল্যাট নিজ দখলে রেখেছেন, তাদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে সেগুলোর দখল ছেড়ে দিতে অনুরোধ জানিয়েছে সংসদ কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এই অনুরোধ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের জানান, এর আগে একাধিকবার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হলেও তারা বাসা ছাড়েননি। তাই এবার তাদের ১৫ জানুয়ারির মধ্যে বাসা ছেড়ে দিতে জোর অনুরোধ জানানো হয়েছে। কমিটি আশা করছে— তারা এ সময়ের মধ্যে ফ্ল্যাট ছেড়ে দেবেন। বৈঠকে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলেও তিনি জানান।
বৈঠক সূত্রে জানা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনে ফ্ল্যাট দখলে রাখা মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীরা বকেয়াও পরিশোধ করছেন না। বাসা ছাড়ার অনুরোধের সঙ্গে তাদের ১৫ জানুয়ারির মধ্যে বকেয়া ভাড়া পরিশোধ করারও অনুরোধ করা হয়েছে। বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনের নিরাপত্তা নিয়ে আলোচনা শেষে সংসদ সদস্যদের নিরাপত্তার স্বার্থে তাদের সঙ্গে অবস্থানরত গৃহকর্মী এবং গাড়িচালকদের জন্য আইডি কার্ডের ব্যবস্থার সুপারিশ করা হয়। আর সংসদ সদস্যদের কাছে আগত অতিথিরা যাতে সরাসরি সদস্যদের বাসায় ঢুকতে না পারে, সে জন্য ইন্টারকমে সংশ্লিষ্ট সদস্য ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিচিতি নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে পুলিশ ও আনসার সদস্য বাড়ানোরও সুপারিশ করা হয়। বৈঠকে সংসদ ভবন এলাকায় ক্যান্টিন, বিমানের টিকিট কেনা, লন্ড্রি ও কনফেকশনারি সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ারও সুপারিশ করেছে কমিটি।
কমিটি সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস, ফজলে হোসেন বাদশা,  হুইপ মাহাবুবা আরা বেগম গিনি প্রমুখ অংশ নেন।