রাজধানীতে চকলেট ফেস্টিভাল শুরু শুক্রবার

 
 
 
 
 
খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উত্সব বড় দিন ও নতুন বছরের আগমন উপলক্ষে রাজধানীর গুলশানে শুক্রবার শুরু হচ্ছে ‘জায়ান্ট চকলেট ফেস্টিভাল-২০১৪’। ডিজাইন ডক্টরসের উদ্যোগে গুলশানের দ্য মোগল কিচেনে আয়োজিত ব্যতিক্রমী এ চকলেট উত্সব চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ডিজাইন ডক্টরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল ইসলাম লিখিত বক্তব্যে জানান, তিন দিনব্যাপী আয়োজিত এ উত্সবে থাকবে বিশ্বের ৯০টি ব্রান্ডের চকলেটের বিশাল প্রদর্শনী। আরো থাকবে ডার্ক চকলেটের বিশাল সম্ভার ও ডায়াবেটিক রোগীদের জন্য পাঁচটি ভিন্ন স্বাদের চকলেট। এ ছাড়া, থাকবে গিফট আইটেম, বাক্সবন্দি চকলেট, ক্রিসমাস ট্রি ও ফানুস ওড়ানো। উত্সবে ৭০ টাকা থেকে ১০ হাজার টাকা মূল্যের চকলেট পাওয়া যাবে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ উত্সব চলবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুঘল কিচেনের ম্যানেজিং পার্টনার আশিকুল ইসলাম, ডিজাইন ডক্টরসের ইভেন্ট ম্যানেজার রহমত উল্লাহ।