প্রতিবন্ধী মেয়ে মাফিয়া। প্রথমত সে দৃষ্টি প্রতিবন্ধী, দ্বিতীয়ত নারী। আরেকটি বড় সমস্যা তার জন্ম হতদরিদ্র পরিবারে। মাফিয়ার জন্ম নওগাঁ জেলার রাণীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামে ভ্যানচালক আমজাদ হোসেনের পরিবারে। দুই ভাই ও এক বোনের মধ্যে মাফিয়াই বড়। লেখাপড়া শেষ করে চাকরি করে নিজে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে দেশের সেবা করতে চায় মাফিয়া। ছোটবেলা থেকে নানা প্রতিবন্ধকতার পরও সে পড়ালেখায় সফল হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পড়ালেখায় ভালো ফলাফল করে এবার সে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু অর্থের অভাবে আগামীতে পড়াশুনা চালাতে পারবে কিনা তাই নিয়ে আতংকিত মাফিয়া ও তার পরিবার।
মা-বাবার প্রেরণায় ও অক্লান্ত সহযোগিতায় শত বাধা আর বিপত্তিকে পেছনে ফেলে সে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী। এর ওর কাছ থেকে পাওয়া অর্থ, নিজের প্রতিবন্ধী ভাতা আর ভ্যানচালক বাবার ঘাম ঝরানো অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেও বর্তমানে সেখানে থেকে পড়ালেখা চালানো নিয়ে শঙ্কায় রয়েছে মাফিয়া ও তার গরীব পরিবার। তবুও মাফিয়া সামনে এগিয়ে যেতে চায় আর এর জন্য প্রয়োজন সবার সার্বিক সহযোগিতা।
দেশে বিত্তবানদেন এ ধরনের মানুষের জন্য বড় ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। মা সামেনা বিবি জানান, প্রতিবন্ধী মেয়ের পড়ালেখার জন্য অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমি আমার মেয়ের পড়ালেখার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য মানুষের বাড়িতে ও জমিতে কাজ করেছি। এতদিন অনেক কষ্ট করে মেয়েকে চালিয়ে নিয়েছি কিন্তু এখন আর পারছি না। আমি আমার মেয়ের স্বপ্ন পূরণের জন্য সমাজের সবার সহযোগিতা চাই। নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন- মাফিয়ার ভর্তির সময় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছি। কিন্তু আমাদের সবকিছুতেই সীমাবদ্ধতা রয়েছে। তবে আগামীতে তার পড়া-লেখার খরচ চালানোর জন্য দেশের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানিয়েছেন তিনি।