জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকজয়ী চলচ্চিত্র পরিচালক মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত। তার চিকিত্সার সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চাষী নজরুল ইসলামের স্ত্রী জোত্স্না কাজী সাক্ষাত্ করলে খালেদা জিয়া চিকিত্সার খোঁজ খবর নেন এবং চাষী নজরুলের চিকিত্সার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন। উন্নত চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হলেও তার দায়িত্ব নিয়েছেন তিনি।
খালেদা জিয়া চাষী নজরুলের চিকিত্সার সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দায়িত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপর্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, জাসাসের সহসভাপতি রফিকুল ইসলাম রফিক।
উ্লেখ্য, গত ৭ ডিসেম্বর সকালে পেটে ভীষণ ব্যথা অনুভূত হওয়ায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালের ভর্তি হন চাষী নজরুল ইসলাম। চিকিত্করা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, তার পেটে সংক্রমণ ধরা পড়েছে। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। তিনি বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ (অনকোলজিস্ট) প্রফেসর সৈয়দ আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিত্সাধীন।