জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএসআইএস) টুইটার অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে ভারতে গ্রেফতার হওয়া মেহদি মাসরুর বিশ্বাস বলেছেন, ‘আমি একজন সৈনিক ও বার্তাবাহক। আমার যা করেছি তার জন্য কোনো অনুশোচনা নেই।’ বৃহস্পতিবার বেঙ্গালুরে সিভিল কোর্ট কমপ্লেক্সে পুলিশি পাহারায় এক আইনজীবীকে তিনি এই কথা বলেন। খবর: টাইমস অব ইন্ডিয়ার।
আদালতের বিশেষ বিচারক সোমারাজ গতকাল মেহদিকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডে দিয়েছে। এ সময় আদালতে তার বাবা-মা উপস্থিত ছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মেহদি মাসরুরের জন্ম পশ্চিমবঙ্গে। তিনি ভারতে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে কাজ করতেন। এছাড়া আইএসের পে টুইটারে হাজারো বার্তা টুইট ও রিটুইট করে জঙ্গি গোষ্ঠীর প্রোপাগান্ডা প্রচারক হিসেবে কাজ করতেন। গত শনিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে গতকাল তাকে আবার আদালতে হাজির করা হলে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।