নাইজেরিয়ায় ‘২০০ জনকে’ অপহরণ

 
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে হামলা চালিয়ে অন্তত ৩৩ জনকে হত্যা ও প্রায় ২০০ জনকে অপহরণ করেছে। সেখান থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বিবিসিকে এই তথ্য জানিয়েছে।
ঐ ব্যক্তি বলেছেন, গুমসুরি গ্রাম থেকে সন্দেহভাজন ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম তরুণ নর-নারী ও শিশুদের ধরে নিয়ে গেছে।
রবিবার তারা হামলা চালালেও সেখান থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা মাইদুগুরি শহরে আসার পর ঘটনাটি প্রকাশিত হয়।
তিনি জানান, তরুণদের হত্যার পর আমাদের স্ত্রী ও শিশুদের ধরে নিয়ে গেছে। 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরুনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ১১৬ জন নাইজেরিয়ান জঙ্গিকে হত্যা করেছে।
বর্নো প্রদেশে কয়েকদিনের মধ্যে অন্তত দুইবার জঙ্গিরা হামলা চালিয়েছে। 
সেখানকার অধিবাসীর বিবিসিকে বলেছেন, বুধবার জঙ্গিরা সীমান্ত শহর আমচিডে হামলা চালিয়ে বাজার এলাকায় ও অন্তত ৫০টি বাড়িতে আগুন দিয়েছে।
চলতি বছরে জঙ্গি হামলায় নাইজেরিয়ায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন।