স্থাপত্যে আগামীর প্রত্যাশা

গেল সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়েছে নতুন প্রজন্মের স্থপতিদের প্রকল্প প্রদর্শনী, অঙ্গন লেকচার, আর্ক কিড্স, কালচারাল নাইটসহ নানা আয়োজন ।

১৭ ফেব্রুয়ারি বিকেলে চিত্রশালা ভবনের অডিটোরিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ষোলো বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো আর্কউইক-২০১৯। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং, স্কুল অব ডিজাইনের ডিন ও স্থাপত্য বিভাগের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. ফুয়াদ হাসান মল্লিক ও বিভাগের চেয়ারপারসন প্রফেসর ড. জায়নাব ফারুকী আলী। আসাদুজ্জামান নূর বলেন, ‘এ আয়োজনটি সৃজনশীল মানুষদের মিলনমেলা। স্থাপত্যবিদ্যায় এখন যারা পড়াশোনা করছেন, আগামীতে তারা তাদের সৃষ্টিশীল চেতনা ও মেধাকে কাজে লাগিয়ে নান্দনিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি।’

পরে অতিথিরা ঘণ্টা বাজিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। চিত্রশালার গ্যালারি-৫-এ আয়োজিত এই প্রদর্শনীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা  হয়। প্রতিটি কাজের সঙ্গে ছিল বিবরণ, যার সঙ্গে ফুটে ওঠেছে নান্দনিকতার ছাপ। প্রতিদিনই প্রদর্শনীতে উল্লেখযোগ্য ভিড় ছিল। এছাড়া প্রথমদিন সন্ধ্যায় অন্যতম আকর্ষণ ছিল সিঙ্গাপুরের বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান ওহা’র প্রধান স্থপতি অং মুন সামের বক্তৃতা। মঞ্চে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি তার দর্শন স্থাপত্যচর্চার নানা দিক তুলে ধরেন স্থাপত্যের শিক্ষক-শিক্ষার্থী ও দর্শকদের সামনে।

দ্বিতীয় দিনের আয়োজনে অন্তর্ভুক্ত ছিল স্কুলপড়ুয়া শিশুদের নিয়ে ব্র্যাকের স্থাপত্য বিভাগের নিয়মিত প্রোগ্রাম আর্ক.কিড্স, যেখানে বিভিন্ন সামাজিক সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। ঢাকার তিনটি স্কুলের একদল শিক্ষার্থীর অংশগ্রহণে এবারের বিষয় ছিল ‘কেমন খেলার মাঠ চাই’। পরে ওইদিন সন্ধ্যায় স্বনামধন্য স্থপতি ফয়েজ উল্লাহ্ ও নিম্নআয়ের মানুষদের আবাসনের উন্নয়নে কাজ করা স্থপতি খন্দকার হাসিবুল কবীর অঙ্গন বক্তৃতা করেন। 

তৃতীয় দিনের মূল আকর্ষণ ছিলেন আগা খান অ্যাওয়ার্ডজয়ী স্থপতি মেরিনা তাবাসসুম। লেকচার পর্বে তিনি তার পথচলার গল্প তুলে ধরেন। চতুর্থদিন সকাল থেকে চলতে থাকে প্রদর্শনী, সন্ধ্যায় প্রদর্শনী শেষ হওয়ার মাধ্যমে আর্ক উইকের পর্দা নামে।