ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে রবিবার সাক্ষাত্ করবে। এ সময় তারা এ দাবির যৌক্তিকতা তুলে ধরে নিজেদের অবস্থান তুলে ধরবেন। একই সাথে সেখানে ভিসিকে এ সিদ্ধান্তের যুক্তি উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন তারা। তবে সাক্ষাতের জন্য ভিসির নিকট এখনো আবেদন করা হয়নি বলে জানান তারা। ভিসি যদি এ সুযোগ না দেন, তাহলে তার কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারির ঘোষণা দেন তারা।
শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেয়া হয়। দ্বিতীয়বার ভর্তির সুযোগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে তারা এ বিক্ষোভ সমাবেশর আয়োজন করে। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করা শিক্ষার্থী রিয়াজুল ইসলাম।
এর আগে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয় আন্দোলনকারীরা। তারা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়ে বক্তব্য ও স্লোগান দেন। এ সময় সমাবেশস্থলের আশপাশে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে রিয়াজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে যুক্তি দেখিয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, তা সবই খণ্ডনযোগ্য। তাই আমরা ভিসির নিকট এ বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখার যৌক্তিকতা তুলে ধরতে চাই। আশা করছি— তিনি আগামী রবিবার আমাদের সাক্ষাতের সময় দিবেন। যদি সময় না দেন তাহলে তার কার্যালয় ঘেরাও করা হবে।এ সময় বক্তারা বলেন বলেন, আমরা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছেন। এভাবে চলতে পারে না। তাই আমরা ২১ ডিসেম্বর রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ করবো। পরে একটি মিছিল নিয়ে ভিসির কার্যালয়ের দিকে যাব। সেখানে গণমাধ্যমের উপস্থিতিতে তিনি তার যুক্তি দেখাবেন এবং আমরা আমাদের যুক্তি উপস্থাপন করব।