ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে আগামীকাল রবিবার সাক্ষাত্ করতে চান। এসময় তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরবেন। তবে সাক্ষাতের জন্য ভিসির নিকট এখনও আবেদন করা হয়নি বলে জানান তারা। ভিসি যদি এ সুযোগ না দেন তাহলে তার কার্যালয় ঘেরাও করার হুমকি দেন তারা।
গতকাল শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন। দ্বিতীয়বার ভর্তির সুযোগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে তারা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজ থেকে এবছর এইচএসসি পাস করা শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে রিয়াজুল বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে যুক্তি দেখিয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই খন্ডনযোগ্য। তাই আমরা ভিসির নিকট অন্তত এবছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ রাখার যৌক্তিকতা তুলে ধরতে চাই। বক্তারা বলেন,আমরা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছে। তাই আমরা ২১ ডিসেম্বর রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ করবো। পরে একটি মিছিল নিয়ে ভিসির কার্যালয়ের দিকে যাব।