পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত এক স্কুলে তালেবানের হামলায় ১৩২ শিক্ষার্থীসহ ১৪১জন নিহত হওয়ার তিন দিনের মাথায় দুই জঙ্গির ফাঁসি কার্যকর করেছে পাকিস্তান সরকার। শুক্রবার রাতে পাকিস্তানের ফয়সালাবাদে তাদের ফাঁসি কার্যকর করা হয়। এরা হলেন- ড. উসমান ওরফে আকিল এবং আরশাদ মেহমুদ। খবর ডনের।
উসমান পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্য ছিলেন। ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে হামলায় সম্পৃক্ততার দায়ে তাকে ফাঁসি দেওয়া হয়। আর আরশাদের মৃত্যুদণ্ড হয় পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টার জন্য।
পোশোয়ারে স্কুলশিশুদের ওপর তালেবানের বর্বরোচিত হত্যাযজ্ঞের পরদিন ছয় বছর পর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পাকিস্তান সরকার। এরপর প্রথম এই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।