স্কুলছাত্র রিহান খুনের ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ বলেছে, খেলার মাঠে সিনিয়র-জুনিয়র নিয়ে বাক-বিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড। শুক্রবার এ ঘটনায় রাজধানীর রূপনগর থানায় নয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর রূপনগরের ক্যাডেট মাদ্রাসার মাঠে ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন করা হয় রিহানকে।
মামলার তদন্ত কর্মকর্তা ও রূপনগর থানার এসআই এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে রাজন ও সাগরসহ নয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া, অজ্ঞাত আরো কয়েকজনকে আসামির তালিকায় রাখা হয়েছে। এসআই ওয়াহিদ জানান, সিনিয়র-জুনিয়র বিরোধের বাইরে আপাতত আর কোনো শত্রুতার কথা জানা যায়নি।