পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তরপশ্চিমাঞ্চলের দুটি জঙ্গি আস্তানায় শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৃথক অভিযান চালায়। এতে এক পুলিশ ও এক আধাসামরিক বাহিনীর সদস্য ও ৭ জঙ্গি নিহত হয়েছেন।
পাকিস্তানের কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
প্রথম ঘটনায় পেশোয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮মাইল) দূরে অবস্থিত শবকদার শহরের মেচানি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা অভিযান চালায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বিলায়াত খান বলেন, ‘শনিবার সকালে শবকদারের মেচানির এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়কালে ফ্রন্টিয়ার কো’র-এর (আধাসামরিক বাহিনী) এক সৈন্য ও এক পুলিশ শহীদ হয়েছেন।’
তিনি আরো জানান, এই অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)’র দুই সদস্যও নিহত হয়েছে।
এই জঙ্গি সংগঠনটি পেশোয়ারের স্কুলে তা-ব চালায়।
অপর জ্যেষ্ঠ কর্মকর্তা রশিদ খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা জঙ্গিদের আস্তানায় অভিযান চালালে জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
অপর ঘটনায়, টিটিপি’র পাঁচ সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে স্থানীয় এক কমান্ডারও রয়েছেন।
এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘মাতনির গুজার গাদি এলাকার তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি আস্তানায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ৫ জঙ্গি নিহত হয়েছে। এলাকাটি পেশোয়ার থেকে প্রায় ১৬ মাইল দক্ষিণে অবস্থিত।’