শেকৃবিতে ভর্তি প্রক্রিয়া শুরু রবিবার

 
 
 
 
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া রবিবার থেকে শুরু হচ্ছে। চলবে ২৪ ডিসেম্বর পযর্ন্ত। মঙ্গলবার পর্যন্ত চলবে মূল মেধা তালিকা থেকে ভর্তি। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৪ ডিসেম্বর।
ভর্তির সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট, প্রশসংসাপত্র, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সরবরাহকৃত প্রার্থীদের আইডি কার্ড, মুক্তিযোদ্ধা সন্তান, নাতি বা নাতনিদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র অথবা ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তত্কালীন প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত মুক্তিযোদ্ধার সনদপত্র। নাতি ও নাতনির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সহিত আত্মীয়তার সম্পর্ক প্রমাণের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড কমিশনেরর সার্টিফিকেট দাখিল করতে হবে। পোষ্য কোটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের প্রত্যয়নপত্র এবং উপজাতি, আদিবাসী, হরিজন ও দলিত সমপ্রদায় কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সনদপত্র জমা দিতে হবে। প্রার্থী কর্তৃক সরবরাহকৃত কোন তথ্য ভূল বা অসত্য প্রমাণিত হলে প্রার্থী ভর্তির অযোগ্য বলে গণ্য হবে। এমনকি ভর্তির পরেও কোনো তথ্যগত ভুল বা অসত্য প্রমাণিত হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিচ্ছুদের ২৩ ডিসেম্বর বেলা ২টার মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে। একই দিন অপেক্ষমাণ তালিকা হতে মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভর্তির জন্য আনুমানিক ১৫ হাজার টাকা প্রয়োজন হবে। ১ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে অডিটরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ৪ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫ জন শিক্ষার্থী ভর্তিন করা হবে। ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট-www.sau.edu.bd  থেকে বিস্তারিত জানা যাবে।