কিউবা বদলে যাবে তবে রাতারাতি নয়

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে কিউবায় পরিবর্তন আসবে। তবে এ পরিবর্তন রাতারাতি ঘটবে না। আর রাতারাতি পরিবর্তন আমি আশাও করি না। শুক্রবার বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, পরিবর্তন দ্রুতও ঘটতে পারে। আমার প্রত্যাশার চেয়ে ধীরেও হতে পারে। তবে পরিবর্তন ঘটছে।

ওবামা অবিলম্বে উভয় দেশের প্রেসিডেন্ট পর্যায়ে সফরের সম্ভাবনা নাকচ করে বলেন, আমার কিউবা সফর কিংবা প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর ওয়াশিংটন সফরের পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে হোয়াইট হাউস আভাস দিয়েছে, হাভানায় প্রেসিডেন্টের সফরের বিষয়টি একেবারে অবাস্তব নয়।
কিউবার প্রতি যুক্তরাষ্ট্রের নীতির ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষিতে ওবামা তার প্রশাসনকে দূতাবাস পুনরায় চালু এবং সম্পর্ক স্বাভাবিক করার নির্দেশ দেন। এছাড়া পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে কিউবাকে বাদ দেয়ার সম্ভাবনা পর্যালোচনারও নির্দেশ দেন। এদিকে ওবামা কিউবার ওপর থেকে ৫৪ বছরের বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে কংগ্রেসের সমর্থন চাচ্ছেন। তিনি বলেন, আমাদের পক্ষে নিষেধাজ্ঞা একতরফাভাবে তুলে নেয়া সম্ভব নয়।

অন্যদিকে, উত্তর কোরিয়াকে ওবামা বলেছেন, সনি পিকচার্সের ওপর সাইবার হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র। সাইবার হামলার কারণে সনি পিকচার্স তাদের একটি চলচ্চিত্র প্রদর্শন বাতিল করে। হামলাকারীদের অভিযোগ ওই চলচ্চিত্রটিতে উত্তর কোরিয় নেতা কিম জং উনকে ব্যঙ্গ করা হয়েছে। প্রেসিডেন্ট ওবামা বলেন, আমেরিকানরা কোনও একনায়ককে সেন্সরশিপ আরোপ করতে দেবে না এবং এটা করা হলে সমুচিত জবাব দেয়া হবে । মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি মনে করে সনি চলচ্চিত্রটি প্রত্যাহার করে ভুল করেছে। সাইবার হামলার প্রতিবাদ করা উচিত ছিল তাদের।