ভারতের স্কুলগুলোতে হামলা এড়াতে সতর্ক থাকার নির্দেশ

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাস পরিস্থিতি মোকাবিলায় সকল রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের স্কুলগুলোকে পুনরায় সিবিএসই’র ২০১০ সালের দিক নির্দেশনা দিয়েছে। পাকিস্তানের পেশোয়ারে একটি সেনাপরিচালিত স্কুলে সাম্প্রতিক তালেবান হামলার প্রেক্ষিতে নিজ দেশের স্কুলগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দিল্লি। অপহরণ, নির্বিচারে গোলাগুলি ও সশস্ত্র অনুপ্রবেশ কিভাবে মোকাবিলা করতে হবে সে সম্পর্কে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপিএস) স্কুল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার। এছাড়াও সন্ত্রাসী হামলা মোকাবিলায় কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তা পরীক্ষা করতে স্কুলগুলোতে নিয়মিত মহড়া আয়োজন করার কথা বলা হয়েছে। লস্কর-ই-তৈয়বা, এসআইএমআই অথবা ভারতীয় মুজাহিদিন শপিং মল, রেলওয়ে স্টেশন ও স্কুলসহ যেসব স্থানে জনসমাগম বেশি হয় সেসব স্থানে হামলা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্য ও পেশোয়ারের স্কুলে অতি সম্প্রতি ভয়াবহ হামলার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, প্রতিটি স্কুলে কংক্রিটের দেয়াল এবং একাধিক প্রবেশ দ্বার থাকতে হবে। এছাড়া প্রতিটি গেটে অন্তত তিন জন প্রহরীকে সপ্তাহে সাত দিন সার্বক্ষণিক ভিত্তিতে মোতায়েন করতে হবে।