বিজ্ঞানী মাকসুদুল আর নেই

বিজ্ঞানী মাকসুদুল আলম আর নেই। বাংলাদেশ সময় রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬০ বছর। গত ২রা ডিসেম্বর ফুসফুসে জটিলতার কারণে তাকে ঐ হাসপাতালে ভর্তি করা হয়।

২০১০ সালে তার নেতৃত্বে একদল বিজ্ঞানী তোষা পাটের জিন নকশা উন্মোচন করে। বিশ্ব গণমাধ্যমে তার এই আবিষ্কার ব্যাপকভাবে প্রশংসিত হয়।

তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জুট জেনোম সিকোয়েন্সিং প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই ম্যানোয়া'র মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি।
পাট ছাড়াও পেঁপে, রাবার এবং এক ধরণের ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেছেন তিনি।

রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি আবদুল হামিদ  ড. মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় রাষ্ট্রপতি কৃষি বিজ্ঞানে মাকসুদুল আলমের অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যু জাতির জন্যে এক অপূরণীয় ক্ষতি।
আবদুল হামিদ তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানী প্রফেসর ড. মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মাকসুদুল আলমের অকাল মৃত্যু বাংলাদেশের জন্য এবং বিজ্ঞান শিক্ষা ও গবেষণা বিশেষ করে শস্য বিচিত্রকরণের ক্ষেত্রে এক বিরাট ক্ষতি।
শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।