রাজধানীর ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশনে মুক্তিযোদ্ধা সমাবেশ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধে আওয়ামীলীগের ভূমিকা সম্বন্ধে বলেছেন, 'মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়ার দাবিদার দলটির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তারা নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিলেন। তাদের এই ব্যর্থতার কারণেই মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের কাছে এতটা স্পর্শকাতর। তারা রণাঙ্গনে যুদ্ধ না করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল।'
মুক্তিযুদ্ধে আওয়ামীলীগের কোন প্রস্তুতি ছিল না অভিযোগ করে তিনি আরো বলেন, 'আওয়ামীলীগ ইয়াহিয়া খানের সাথে ক্ষমতা হস্তান্তরের আলোচনায় ব্যস্ত ছিল। পশ্চিম পাকিস্তান থেকে যখন অস্ত্র ও সেনা আসছিল তখন হরতাল ছাড়া আর কোন কর্মসূচীও ছিল না।'
সম্প্রতি একে খন্দকারের লেখা বই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, 'তাদের আস্থাভাজন হওয়ার পরও একে খন্দকার যখন কিছু সত্য কথা বললেন তখন তাকে পাকিস্তানের চর বলতেও দ্বিধা করল না।'