বাংলাদেশ-ভারত প্রটোকলভুক্ত আন্তর্জাতিক নৌরুটের বাগেরহাটের মংলা-ঘষিয়াখালী চ্যানেল দ্রুত খননের দাবিতে চ্যানেলের কুমারখালী এলাকায় নদী তীরে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনসহ এলাকাবাসী। রবিবার বিকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়। এলাকাবাসীর সাথে সংহতি প্রকাশ করে রামপাল উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, বংলাদেশ বিকল্পধারা, কারিতাসসহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মানববন্ধনে এলাকাবাসী জানায়, আন্তর্জাতিক নৌরুট মংলা-ঘষিয়াখালী চ্যানেলটি মানুষ্য সৃষ্ট ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। এই চ্যানেলে দেশ-বিদেশের ভারী নৌ-জাহাজ, স্টিমার, কার্গো, রকেটসহ বড় বড় নৌযান চলাচল করতো। তারা দ্রুত সরকারি রেকর্ডীয় খালের বাঁধ অপসারণ ও পুনঃখননসহ মংলা-ঘষিয়াখালী চ্যানেলের ২২ কিলোমিটার নদী খননের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট ৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, সাবেক এমপি হাবিবুন নাহার তালুকদার, রামপাল উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।
এদিকে সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় পরিবেশ বিপর্যয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ওই এলাকা পরিদর্শন করেছে খুলনার ‘সুন্দরবন বাঁচাও আন্দোলন কমিটি’। কমিটির ৩০ সদস্যের এ প্রতিনিধি দল রবিবার দুপুরে নদী পরির্দশন করে। কমিটিতে রয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা সিটি মেয়র মো:মনিরুজ্জামান মনিসহ শিক্ষাবিদ, চিকিত্সক, আইনজীবী।
দুটি বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধার
সুন্দরবনের শেলা নদীতে ভাসমান অবস্থায় মৃত দুটি ভোঁদড় উদ্ধার করেছে বনবিভাগ। নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির নয়দিন পর সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় ভাসমান অবস্থায় এদের উদ্ধার করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ পরীক্ষাগারে ওই মৃত ভোঁদড় দুটির ময়না তদন্ত সম্পন্ন করেছে।