তিউনিশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: বিজয়ী দাবি এসেবসির

আরব বসন্তের সূতিকাগার তিউনিশিয়ায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা বেজি কেইড এসেবসি। বুথ ফেরত জরিপের ফলাফলের ভিত্তিতে তিনি এই ঘোষণা দেন।
এই ঘোষণায় রাজধানী তিউনিশে তার সমর্থকরা উল্লাস করেছেন।
সোমবার দেশটির দুটি গণমাধ্যমে প্রকাশিত বুথ ফেরত জরিপে দেখা যায় এসেবসি ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে নির্বাাচিত হতে যাচ্ছেন।  
এই নির্বাচনের মাধ্যমে দেশটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করছে। ফলে এই নির্বাচনকে ‘ঐতিহাসিক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন। প্রথম দফার ভোটে বেজি কেইড এসেবসি এগিয়ে ছিলেন। তবে তিনি পেয়েছিলেন ৩৯ শতাংশ ভোট। এসেবসির রাজনৈতিক দল নিডা টিউনস পার্টি একটি অসম্প্রদায়িক দল।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোনসেফ মারজুকি। মারজুকি অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এসেবসি তিউনিশিয়ার প্রবীণতম রাজনীতিকদের মধ্যে অন্যতম। তার বয়স ৮৮ বছর। স্বাধীনোত্তর তিউনিশয়ার প্রথম প্রেসিডেন্ট হাবিব বৌরগুইবা এবং সর্বশেষ প্রেসিডেন্ট জাইন আল-আবেদিন বেন আলির সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিউনিশয়ার গণতান্ত্রিক যাত্রা তার হাত ধরেই শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
সব বয়সি ভোটারদের মধ্যে এসেবসি জনপ্রিয় বলে জরিপে জানা গেছে। সূত্র- বিবিসি।