আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১৩শ’ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে অনুসন্ধানে মার্কেন্টাইল ব্যাংকের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি আশীষ কুমার লস্কর, ইভিপি শোয়েব আহমেদ, এসভিপি ফয়সাল আহসান চৌধুরী, এফভিপি কে এম আনোয়ারুল ইসলাম, এসইভিপি মোহাম্মদ ইসমাইল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাখার ম্যানেজার মাহমুদ আলম চৌধুরী ও একই শাখার প্রিন্সিপাল অফিসার মারুফ উদ্দীন কামাল।
দুদক সূত্র জানায়, আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আমলে নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।