তারেক রহমানকে অবাঞ্ছিত ঘোষণা

 
যুক্তরাজ্য ও বাংলাদেশে  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমানকে অবাঞ্ছিত ঘোষণা ঘোষণা করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সোমবার সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, তাকে যুক্তরাজ্য ও বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করছি। তাকে যেখানেই পাওয়া যাবে আমরা প্রতিরোধ গড়ে তুলবো।
সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফারুক আরো বলেন, তারেক রহমান শুধু শারীরিকভাবে অসুস্থ নয়, মানসিকভাবেও অসুস্থ। পলাতক আসামী হিসেবে সে অসুস্থ হয়ে পড়েছে। সে বাংলাদেশের ইতিহাস পড়ার মত লেখাপড়া করেনি, শিখেনি কোন শিষ্টাচার। বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করার দুঃসাহস যেভাবে দেখিয়েছে তা দেশ জাতি মেনে নিতে পারে না।
লিখিত বক্তব্যে ফারুক বলেন, বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম দিয়েছেন। বাংলাদেশের জন্ম না হলে জিয়াউর রহমান সামান্য বেতনের সেনা অফিসার হিসেবেই বিদায় নিতেন। তারেক রহমানের মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়া দূরে থাক রাজনৈতিক নেত্রী হওয়ার সুযোগ পেতেন না। তারেক রহমান জাতির জনককে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কুলাঙ্গারের পরিচয় দিয়েছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থানরত অসুস্থ ও মস্তিষ্ক বিকৃত তারেক রহমান বিভিন্ন সময় বাংলাদেশের ইতিহাস বিকৃত করে উপস্থাপনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছেন।