সাবেক প্রতিমন্ত্রী কায়সারের রায় আজ

সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করে। এটা হবে যুদ্ধাপরাধের বিচারে গঠিত দুই ট্রাইব্যুনালের চতুর্দশ রায়। কায়সার বাদে দুই ট্রাইব্যুনালে আরো তিনটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। 

দুই পক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে গত ২০ আগস্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। কায়সারের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের ১৬টি অভিযোগ এনেছিলো রাষ্ট্রপক্ষ। যুক্তিতর্কে আসামির বিরুদ্ধে আনা ১৬টি অভিযোগই প্রমাণ হয়েছে দাবি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেছে রাষ্ট্রপক্ষ। একইসঙ্গে কায়সারের কারণে যেসব নারী ধর্ষণের শিকার হয়েছিল তাদের জন্য এবং এই মামলার সাক্ষী এক যুদ্ধশিশুর জন্য ক্ষতিপূরণও দাবি করেছে তারা। আসামিপক্ষের আইনজীবীর দাবি, রাষ্ট্রপক্ষ একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি। কায়সার সকল অভিযোগ থেকে অব্যাহতি পাবেন বলে আশা করছেন তারা। মামলা চলাকালে জামিনে থাকলেও কায়সার বর্তমানে কারাগারে রয়েছেন।